Image description

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই পতিত দোসররা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। 

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডেঙ্গু মোকাবিলায় সবার প্রচেষ্টা প্রয়োজন মন্তব্য করে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশেপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হতো, এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার, কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার। 

বক্তব্যের একপর্যায়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী প্রশ্ন তোলেন, কীভাবে পুলিশ ভ্যান থেকে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এ ঘটনার পেছনে কোনো গাফিলতি বা গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রকাশ্যে সন্দেহ ও সংশয় প্রকাশ করেন তিনি।

ডিআর