যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে বলেও দাবি করেছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের ইসলামিক রিপাবলিকের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো বহাল রয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে অব্যাহত আছে।
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালাবে না ওয়াশিংটন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান বর্তমান পরিস্থিতি ও আলোচনায় উত্থাপিত প্রস্তাবগুলোর শর্ত পর্যালোচনা করছে। আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের সুনির্দিষ্ট জবাব তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা না চালানোর ঘোষণা এবং ইরানের আলোচনার প্রস্তাব পর্যালোচনার খবর দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন তেহরানের আনুষ্ঠানিক জবাব এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন পর্যবেক্ষকেরা।
এসএ




Comments