ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটেছে। নতুন নতুন রোগী সনাক্ত ও মৃত্যুর খবর পাওয়া যাওয়ায় পুরো জেলা এখন ডেঙ্গুর নতুন হটস্পটে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ বছর বয়সী এক তরুণসহ তিনজনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
শুক্রবার (০৯ অক্টোবর) হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাসপাতালটিতে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১১ জন শিশু। ভর্তি থাকা রোগীদের মধ্যে সংকটজনক অবস্থায় এক পুরুষ ও এক নারীকে আইসিইউতে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন।
হাসপাতালের পরিসংখ্যানে জানা যায়, চলতি বছর এ পর্যন্ত মমেক হাসপাতালে মোট ৩ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে জটিলতা দেখা দেওয়ায় ২৯ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছেন নান্দাইলের ১৮ বছর বয়সী তরুণ মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম। চিকিৎসকরা জানিয়েছেন, নিহত মিনহাজ ডেঙ্গুজনিত রক্তক্ষরণ ও শক সিন্ড্রোমে, হারিছা বেগম ডেঙ্গুর নানা শারীরিক জটিলতায় এবং মরিয়ম ডেঙ্গুর পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকের শিকার হয়ে মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, প্রাথমিক অবস্থায় ডেঙ্গু লক্ষণ অবহেলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণ জ্বর বা লক্ষণ দেখা দেওয়ামাত্রই কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া উচিত। একই সাথে এডিস মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তিনি সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ডিআর




Comments