রংপুরের মিঠাপুকুরে একটি পাগলা কুকুরের আকস্মিক কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন। মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে একাধিক এলাকায় কুকুরটির ধারাবাহিক আক্রমণে পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত সবাই দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্যে দুলহাপুর, শঠিবাড়ী ডিগ্রি কলেজ এলাকা, শীতলগাড়ি, রামপুরা ও চিথলী দক্ষিণপাড়ার লোকজন বেশি আক্রান্ত হয়েছেন। হঠাৎ পাগলা কুকুরটির তাণ্ডবে চার বছরের একটি শিশুসহ নারী-পুরুষরা আহত হন। আহতদের মধ্যে হাসেম, জেলেখা, সেলিনা, মুরাদ, সবুজ ও শাপলাসহ অনেকের নাম জানা গেছে। দিনদুপুরে কুকুরের এমন হিংস্র আক্রমণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া করে পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতদের দ্রুত উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করেন।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হালিম লাভলু জানান, “পাগলা কুকুরের কামড়ে আহত ৪০ জন আজ জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর জখম দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনজন হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুকুরটির আক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিআর




Comments