চারঘাটে যাত্রীবেশে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই, গুরুতর আহত
রাজশাহীর চারঘাটে যাত্রীবেশে ভ্যান ভাড়া নিয়ে চালককে হাতুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী-পরানপুর সড়কের শিশাতলা নামক স্থানে এই পৈশাচিক ঘটনা ঘটে। আহত ভ্যানচালক তফেল আলী (৫০) উপজেলার অনুপামপুর কারিগরিপাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে তফেল আলীর ব্যাটারিচালিত ভ্যানটি ভাড়া নেয়। পরবর্তীতে কাঁকড়ামারী বাজার পার হয়ে পরানপুর বাজারের কাছাকাছি শিশাতলা নামক নিরিবিলি স্থানে পৌঁছালে যাত্রীবেশে থাকা ওই দুই দুর্বৃত্ত কোমর থেকে হাতুড়ি ও ধারালো চাপাতি বের করে চালকের ওপর হামলা চালায়।
এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর চালক তফেল আলীকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়।
পরে ভ্যানচালকের গোঙানি ও কান্নার শব্দ শুনে স্থানীয় পথচারী ও অন্য চালকরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় তফেল আলীর দুই হাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি হাত ভেঙে গুরুতর জখম হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, “ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারঘাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ডিআর




Comments