Image description

চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক এবং উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান। নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ডিআর