Image description

ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানখেতে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। ইঁদুরের দল ধানগাছ কেটে নষ্ট করায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ফসল রক্ষায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।

উপজেলার খারুয়া ইউনিয়নের কৃষক মো. খোকন, তরিকুল ও সাইদ মিয়াসহ একাধিক কৃষক জানান, আমন ধানগাছে থোড় আসার আগেই ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল। এতে আমন ধানের উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফসল রক্ষায় কেউ প্রচলিত পদ্ধতিতে ইঁদুর দমনের চেষ্টা করছেন, আবার কেউ জমিতে কলাগাছের খোসা ও পলিথিন ব্যবহারসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। তবে এসব উদ্যোগেও আশানুরূপ ফল পাচ্ছেন না বলে জানান তাঁরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ সবুজ আমন ধানে ভরে উঠেছে। কিছুদিনের মধ্যেই ধানগাছে থোড় আসার কথা। এরই মধ্যে ইঁদুরের আক্রমণে কোথাও কোথাও ধানগাছ কেটে নষ্ট হচ্ছে। এতে সম্ভাব্য ফলন নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে।

কৃষকদের আশঙ্কা, সময়মতো ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ করা না গেলে আমন ধানের উৎপাদন ব্যাহত হতে পারে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। তাই ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, “আমন ধানখেতে ইঁদুরের আক্রমণ প্রতিরোধে আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। ইঁদুর দমনেও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ইঁদুর দমনে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কৃষকরা ইঁদুরের আক্রমণ থেকে ফসলের ক্ষতি অনেকটাই কমাতে পারবেন।”

এসএ