আনোয়ারায় ৭৬ হাজার ২৩২ পরিবারের ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু আজ, বারখাইন থেকে যাত্রা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৬ হাজার ২৩২ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিকভাবে বারখাইন ইউনিয়নের ১ নম্বর হাজীগাঁও ও পশ্চিম ঝিওরী ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে আনোয়ারা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, আনোয়ারা উপজেলায় মোট ৭৬ হাজার ২৩২টি পরিবার রয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে উপজেলার ১১টি ইউনিয়নে ১১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি সরবরাহ করা ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহসহ কার্যক্রমের সব ধাপ সম্পন্ন করা হবে।
তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনার জন্য সরকার থেকে মাত্র ১৫টি ট্যাব পাওয়া গেছে। এ কারণে শুরুতে একটি ইউনিয়নে কাজ শুরু করে পর্যায়ক্রমে অন্য ইউনিয়নগুলোতে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই উল্লেখ করে সমাজসেবা কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করবেন এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করবেন। এ ক্ষেত্রে কোনো পরিবার বাদ পড়ার সুযোগ নেই।
তিনি আরও জানান, আনোয়ারা উপজেলায় মোট ৭৬ হাজার ২৩২টি পরিবারের তথ্য সংগ্রহ করতে হবে। এ সংখ্যার চেয়ে কম পরিবারের তথ্য সংগ্রহ গ্রহণযোগ্য হবে না। তবে যাচাই-বাছাইয়ে প্রকৃত পরিবারের সংখ্যা বেশি পাওয়া গেলে সে অনুযায়ী তথ্য সংগ্রহ করা যাবে।
ডিআর




Comments