ইউএনও মাহামুদুল হাসান
‘শিক্ষার্থীদের মেধার পাশাপাশি মানবিক ও নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে’
নরসিংদীর মনোহরদীতে কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মেধায় সমৃদ্ধ, মানবতায় ঋদ্ধ’ শীর্ষক এক বিশেষ অনুপ্রেরণামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, "শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে হবে। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি।"
পরে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং ইংরেজি, গণিত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক বিষয়ে তাদের মেধা যাচাই ও অংশগ্রহণ উপভোগ করেন। অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয়ের সাইন্স ক্লাব পরিদর্শন করেন এবং এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন ভূইয়া মাহফুজের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ।
এতে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডিআর




Comments