কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের জন্য সোনালী ব্যাংকের এটিএম, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং সেবাসহ সব ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব সেবা বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সোনালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্যাংকটির অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকেরা এসব সেবার মাধ্যমে টাকা তোলা ও ডিজিটাল লেনদেন করতে পারবেন না।
তবে আধুনিকায়নের কাজ নির্ধারিত সময়ে শেষ হলে আগামী শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির শাখায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন চালু রাখার সুযোগ থাকবে।
এদিকে, সাপ্তাহিক ছুটি হলেও বিশেষ প্রয়োজনে আগামী শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নয়নের জন্য এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন ৮৪ ঘণ্টা বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়। ব্যাংক দুটির ক্ষেত্রে ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকার কথা রয়েছে।
এসএস




Comments