যার যার ধর্ম সে পালন করবে, সরকার দেবে নিরাপত্তা : ত্রাণ মন্ত্রী
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, "এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই। যার যার ধর্ম সে পালন করবে, সরকার দেবে নিরাপত্তা এই নীতিতে বিশ্বাস রেখে যে যার ধর্ম স্বাধীন ও সুন্দরভাবে পালন করবেন। বর্তমান সরকার এতে সম্পূর্ণ বিশ্বাস করে এবং উৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবে।"
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবারের দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সরকারি জিআর চাল ও অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৬২টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে চাল হস্তান্তর করা হয়। এছাড়া লালমনিরহাট পৌরসভার ২৫টি মন্দিরে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিটি মন্দির এলাকার ১০ জন করে হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি করে চাল ও বস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, চলতি বছর লালমনিরহাট জেলায় মোট ৪৭৯টি মণ্ডপ ও মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসএ




Comments