Image description

বাগেরহাটের মোংলা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ৩৩টি পূজা মণ্ডপে শতভাগ অনলাইনে রেজিস্ট্রেশনকৃত ও প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোংলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন দৈনিক মানবকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবার মোংলা উপজেলার ৩৩টি পূজা মণ্ডপের প্রতিটিতেই AVMIS সফটওয়্যারে শতভাগ রেজিস্ট্রেশনকৃত ও প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য/সদস্যাদের মোতায়েন করা হয়েছে। সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে এসব প্রশিক্ষিত সদস্যরা পূজা চলাকালীন সার্বক্ষণিক অত্যন্ত সুশৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, এবার প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দায়িত্ব পালনকারী প্রত্যেক সদস্য মোবাইল ফোনে 'শারদীয় সুরক্ষা অ্যাপ' ব্যবহার করবেন। এই অ্যাপের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক রিপোর্ট করতে পারবেন তারা। রিপোর্টটি মুহূর্তের মধ্যেই পূজার দায়িত্বে থাকা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে পৌঁছে যাবে। ফলে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। তিনি পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মোংলা উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএ