Image description

বাউল গান শিখতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী। টাঙ্গাইলের সখীপুরে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বড়চওনা ইউনিয়নের ইকুরিয়াপাড়া এলাকার লেবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সরকার (৩৫) এবং দাড়িপাকা এলাকার আব্দুর রহমানের ছেলে মজিবর রহমান (৫৫)।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী বড়চওনা বাজারের আল আমিন সরকার পরিচালিত একটি স্থানীয় সংগীত একাডেমিতে নিয়মিত বাউল গান শিখতে যেত। যাতায়াতের সময় থেকেই অভিযুক্ত সাদ্দাম ও মজিবর তাকে উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে তারা কিশোরীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ভালুকার একটি রিসোর্টে নিয়ে যায় এবং সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরী ধর্ষণের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
এসএ