Image description

গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আজিজুল মিয়া (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মিয়ার মৃত্যু হয়।

নিহত আজিজুল মিয়া ও অভিযুক্ত বড় ভাই জসিজল হক ওরফে ডিপটি আপন ভাই। তাঁদের বাড়ি উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) বাড়ির সীমানা ঘেঁষে পাকা গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন জসিজল হক। ওই দিন দুপুর ১টার দিকে জমির সীমানা নিয়ে আপত্তি জানান ছোট ভাই আজিজুল মিয়া। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বাঁশের লাঠি দিয়ে আজিজুলের মাথায় আঘাত করেন জসিজল।

এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজিজুল। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় ও ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ এখনো রংপুরে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ