Image description

শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটি। কাপ্তাই হ্রদের নীল জলরাশি, পাহাড় আর সবুজ প্রকৃতির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন অসংখ্য ভ্রমণপিপাসু। পর্যটকদের বাড়তি উপস্থিতিতে শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে বেড়েছে বুকিংয়ের চাপ।

জেলা প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, পূজার ছুটিতে রাঙামাটির প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেড়েছে।

রাঙামাটি শহরের ডিসি বাংলো সড়কে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত পলওয়েল পার্ক বর্তমানে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। লেকের নীল জলরাশি, মনোরম প্রাকৃতিক পরিবেশ ও আধুনিক বিনোদনব্যবস্থার কারণে প্রতিদিনই এখানে ভিড় করছেন দর্শনার্থীরা।

পার্কের লাভ লক পয়েন্ট, হিলভিউ পয়েন্ট, কায়াকিং, জেট স্কিইং, প্যাডেল বোট ও মিনি চিড়িয়াখানা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে মিনি ট্রেন, মেরি-গো-রাউন্ড ও হানি সুইং। পাশাপাশি পর্যটকদের রাতযাপনের জন্য রয়েছে আধুনিক কটেজের ব্যবস্থা।

পলওয়েল পার্কের পাশাপাশি রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু, রাজবন বিহার, আরণ্যক হলিডে রিসোর্ট ও শুভলং ঝরনাতেও পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া সাজেক ভ্যালিতেও ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়েছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌকা ও বোট ভাড়া করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন পর্যটকেরা। পাহাড়, লেক ও প্রকৃতির অপূর্ব সমন্বয় উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন তাঁরা।

ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, “পূজার ছুটিতে পরিবার নিয়ে রাঙামাটি এসেছি। পলওয়েল পার্কের লাভ লক পয়েন্ট আর ঝুলন্ত সেতুর সৌন্দর্য এককথায় অসাধারণ। ভিড় থাকলেও এখানকার নিরাপত্তাব্যবস্থা বেশ সন্তোষজনক।”

পলওয়েল পার্কের উপব্যবস্থাপক শাহাদাত জানান, দুর্গাপূজা উপলক্ষে পার্কে বাড়তি নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার পর্যটক পার্কটি পরিদর্শন করছেন, ছুটির দিনে এ সংখ্যা আরও বাড়ছে। এ ছাড়া পুলিশ ও সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, উৎসবমুখর পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার রাঙামাটিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পর্যটকদের এ বাড়তি উপস্থিতিতে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ, বোট ও পরিবহন ব্যবসায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি পুলিশ মোতায়েন এবং কাপ্তাই হ্রদে চলাচলকারী নৌযানগুলোর ওপর নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

পূজার ছুটিতে পর্যটকদের এমন সমাগমে রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় পর্যটন খাতের ব্যবসায়ীদের জন্যও এ সময়টি হয়ে উঠেছে ব্যস্ততা ও সম্ভাবনার।

এসএ