কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুজনকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ৯ মাইল কাচারীসংলগ্ন ‘সাহেব পাগলের বাড়ি’র সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার ভোরে নির্জন সড়কটিতে চার-পাঁচজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কয়েকজন কৃষক ও প্রাতঃভ্রমণকারী বিষয়টি টের পান। তাঁদের উপস্থিতি বুঝতে পেরে দলটির সদস্যরা অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া করেন।
ধাওয়ার মুখে দলটির বেশির ভাগ সদস্য পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাঁদের গণধোলাই দেয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুজনকে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে ভোর ও রাতে ছিনতাই এবং ডাকাতির আশঙ্কা রয়েছে। সর্বশেষ এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তাঁরা সড়কটিতে নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বৈঠকে ব্যস্ত থাকার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। ফলে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এনএ




Comments