Image description

কিশোরগঞ্জের স্থানীয় ও ঢাকার পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। 

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে হঠাৎ এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জরুরি প্রয়োজনে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসার প্রয়োজনে ঢাকায় যেতে গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে এসে বাস না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে মূলত অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি পরিবহন ও উজান-ভাটি—এই চারটি পরিবহন সংস্থার বাস নিয়মিত যাত্রী আনা-নেওয়া করে।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল জানান, যাত্রীসেবার মান বাড়াতে তাদের নতুন কমিটি পুরোনো জরাজীর্ণ বাসগুলো সরিয়ে নতুন বাস নামানোর উদ্যোগ নেয়। প্রাথমিক আলোচনায় ঢাকার পরিবহন মালিকরাও পুরোনো বাস সরানোর আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী কিশোরগঞ্জের মালিকরা নতুন আধুনিক বাস নামালেও ঢাকার মালিকেরা তাঁদের পুরোনো বাস পরিবর্তন করেননি; উল্টো নিয়মনীতি না মেনে এই রুটে অতিরিক্ত আরও দুটি পুরোনো বাস যুক্ত করেন।

এ নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে অসন্তোষ ও দ্বন্দ্ব চলে আসছিল। শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় রোববার সকাল থেকে মহাখালী রুটের সমস্ত বাস চলাচল স্থগিতের সিদ্ধান্ত নেয় কিশোরগঞ্জের মালিক সমিতি।

কোনো আগাম ঘোষণা ছাড়াই আকস্মিক বাস বন্ধের সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন ঢাকার উদ্দেশে রওনা হওয়া সাধারণ মানুষ। ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবির ইসলাম পারভেজ আক্ষেপ করে বলেন, “পূজার ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। কোনো নোটিশ ছাড়া হঠাৎ এভাবে বাস বন্ধ করে দেওয়া দায়িত্বজ্ঞানহীন কাজ।”

একই দুর্ভোগের কথা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাসিমা আক্তার। ক্লাস শুরু হলেও বাস না থাকায় সময়মতো ঢাকায় পৌঁছাতে পারছেন না তিনি। এদিকে অনেক যাত্রী বিকল্প উপায়ে ভৈরব বা সিএনজিযোগে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, তবে সে ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হঠাৎ সৃষ্ট এই পরিবহন ধর্মঘট ও জনদুর্ভোগ নিরসনে মাঠে নেমেছে জেলা প্রশাসন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করা ও সমস্যার সুরাহা করতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে বসছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, মহাখালী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকলেও কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে ঢাকার গোলাপবাগ রুটে অনন্যা সুপার ও যাতায়াত পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ডিআর