চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি-১৩৬) ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মো. শরীফ নামের ওই যাত্রীকে আটক করা হয়। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ তাঁকে নজরদারিতে রাখে। পরে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমসের যৌথ তত্ত্বাবধানে তাঁর হ্যান্ডব্যাগেজ ও পরিহিত জামা তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে বিভিন্ন কৌশলে লুকানো অবস্থায় ১৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকার (হাতের চুড়ি) উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণালংকারের বাজার মূল্য ২ কোটি ৮৪ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের চালানের পরিমান নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃত যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ শাখার পিআরও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসএ




Comments