সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করা এবং অনুসারীদের পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে বিতর্কিত ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কোর্ট রিপোর্টার্স ইউনিটি’-র কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠাতেন।
নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় ড. এনায়েতুল্লাহ আব্বাসী সাংবাদিক পেশাকে চরমভাবে অবমূল্যায়ন করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।”
তিনি আরও অভিযোগ তুলে বলেন, “একটা যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। সাংবাদিকরা ইতিবাচক সংবাদটা প্রচার করে নাই, প্রচার করেছে পিস্তল নিয়ে দৌড়িয়েছে। এই সাংবাদিকগুলো হচ্ছে সাংঘাতিক। এরা হলুদ সাংবাদিকতা করে। এরা বিদেশি ইন্টিলিজেন্স ব্রাঞ্চ কর্তৃক পয়সায় চলে। বাংলাদেশ ভালো হোক এটা তারা চায় না।”
আইনি নোটিশে আইনজীবী উল্লেখ করেন, এনায়েতুল্লাহ আব্বাসীর এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেশজুড়ে পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। নিজেকে ও তাঁর অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর যে উসকানি ও হুমকি দেওয়া হয়েছে, তা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য একটি ভীতিকর ও উদ্বেগজনক পরিবেশ তৈরি করেছে। এই অবমাননাকর বক্তব্য ও হুকুমের কারণে পুরো সাংবাদিক সমাজ সংক্ষুব্ধ।
ডিআর




Comments