Image description

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, নিরাপত্তার কারণে যেসব ব্যাংক তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই সচল করা হবে।

সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তিন দিন পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি। ওয়েবসাইটে নিরাপত্তাজনিত ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়। ঝুঁকি কেটে যাওয়ায় সেটি আবার চালু করা হয়েছে।

এদিকে, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ত্রুটির খবর প্রকাশের পর গত বুধবার রাত থেকে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে এ সময় লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টার কথাও জানানো হয়েছে।

সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ ধরনের নিরাপত্তাত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

এনএ