আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়েছে আফ্রিকার দেশ উগান্ডা। মোজাম্বিকের দেওয়া মাত্র ২০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে উগান্ডার লেগেছে মোটে ৫ বল! ১০ উইকেটের এই বিশাল জয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়েছে দলটি, যা জয়-পরাজয়ের অনুপাতে ভারত ও বাংলাদেশের মতো বড় দলগুলোকেও পেছনে ফেলে দিয়েছে।
মোজাম্বিকের দেওয়া সাকল্যে ২০ রানের লক্ষ্য টপকাতে নেমে উগান্ডার ওপেনার রবিনসন ওবুয়া বোলার ভিয়েরা টেম্বোকে ছক্কা হাঁকিয়ে দলকে ১০ উইকেটের সহজ ও দ্রুততম জয় এনে দেন। এই জয়ের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩১ ম্যাচে ১০১তম জয় তুলে নিল উগান্ডা।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ বা তার বেশি ম্যাচ জিতেছে এমন দলগুলোর মধ্যে উগান্ডার জয়-পরাজয়ের অনুপাত বা হার (৩.৭৪) সবচেয়ে বেশি। এই তালিকায় ক্রিকেট পরাশক্তি ভারতও রয়েছে উগান্ডার পেছনে। কিছুদিন আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের প্রথম দল হিসেবে ২০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেছিল ভারত (জয়-পরাজয়ের অনুপাত ২.৪০৯)।
শত জয়ের ক্লাবে কারা?
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত ১০০ বা তার বেশি ম্যাচ জয়ের ক্লাবে প্রবেশ করেছে মোট ৯টি দেশ। দলগুলো হলো— ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও উগান্ডা।
এই ৯ দলের মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা বাদে বাকি ছয়টি দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গৌরব রয়েছে। এছাড়া সামগ্রিক টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের হারের দিক থেকে সবার ওপরে রয়েছে স্পেন (৫৪ ম্যাচে ৪৪ জয়, অনুপাত ৪.৮৮৮) এবং দ্বিতীয় অবস্থানে পর্তুগাল (অনুপাত ৪.০০)।
টি-টোয়েন্টিতে অনেক পিছিয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ দল এখনো বেশ পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত ২২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে টাইগাররা জিতেছে মাত্র ৮৯টিতে এবং হেরেছে ১২৮ ম্যাচে। বাংলাদেশের জয়-পরাজয়ের অনুপাত ১-এর নিচে, যা মাত্র ০.৬৯৫।
ডিআর




Comments