Image description

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২ হাজার ৮৮৬ ডলার হতে পারে, যেখানে ভারতের হবে ২ হাজার ৭৪৯ ডলার।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোট অর্থনীতির আকারে ভারত বাংলাদেশের চেয়ে প্রায় আট গুণ বড়। তবে জনসংখ্যার হিসাব বিবেচনায় নিলে মাথাপিছু আয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের এ অগ্রগতির পেছনে তৈরি পোশাক খাত, রেমিট্যান্স এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে মূল্যস্ফীতি ও কম প্রবৃদ্ধি দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে, যেখানে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

তবে প্রকৃত ক্রয়ক্ষমতার হিসাবে ভারত এখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৯ সালের দিকে মাথাপিছু আয়ে ভারত আবার বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাথাপিছু জিডিপি গড় হিসাব হওয়ায় এটি মানুষের প্রকৃত আয়বৈষম্যের পুরো চিত্র তুলে ধরে না। তাই অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈষম্য কমানোও জরুরি।

এসএস