Image description

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজারে সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার সকালে এ অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ কৃষকরা।

কৃষকদের অভিযোগ, চরাঞ্চলে সাধারণত আগাম ভুট্টার বীজ রোপণ করতে হয়। এ জন্য সময়মতো সার পাওয়া জরুরি। কিন্তু সারের ডিলাররা সার দেওয়ার কথা বলে দিনের পর দিন তাঁদের ঘোরাচ্ছেন এবং নানা টালবাহানা করছেন।

কৃষকদের আরও অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ডিলাররা নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে তাঁরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের প্রশ্ন, সত্যিই যদি সারের সংকট থাকে, তাহলে খোলাবাজারে বেশি দামে সার পাওয়া যাচ্ছে কীভাবে?

খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এবং কৃষি বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাঁরা কৃষকদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে সার সরবরাহের আশ্বাস দেন। পরে পরিস্থিতি শান্ত হলে কৃষকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, “কৃষকদের অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে শুনেছি এবং তাৎক্ষণিকভাবে তাঁদের মধ্যে সার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কোনো ডিলার অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তদন্তসাপেক্ষে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসএ