Image description

কুমিল্লার আদর্শ সদর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ১০ বিজিবির অধীনস্থ বিবিরবাজার বিওপির শাহাপুর পোস্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে। পাশাপাশি উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

১০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্র ধারণ করে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ দমনে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।

এসএ