Image description

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই ঐতিহাসিক ফলাফলের মধ্য দিয়ে দেশের জনগণ প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিই সঠিক এবং বিরোধীদের রাজনীতি বর্তমানে সঠিক পথে নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে তাঁর ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপনির্বাচনটি পুরো দেশের দৃষ্টি আকর্ষণ করেছিল। গত আট মাস ধরে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের সার্বিক উন্নয়ন ও অর্জনকে জনগণ কীভাবে মূল্যায়ন করছে, এই নির্বাচন ছিল তার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।”

তিনি উল্লেখ করেন, উক্ত উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ১ লাখ ৩০ হাজারের অধিক বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি আরও দাবি করেন, চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী যে ভোট পেয়েছিল, সাম্প্রতিক সময়ের এই উপনির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ৫০ হাজারের বেশি কমে গেছে।

রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে বিরোধী দলগুলোর প্রতি সংশোধনের আহ্বান জানান ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “সাধারণ জনগণের ভোগান্তি বাড়িয়ে লং মার্চ বা রোড মার্চের মতো কর্মসূচি না দিয়ে বিরোধী দলগুলোর উচিত নিজেদের শুধরে নেওয়া। দেশের স্বার্থে কোনো মতামত বা যুক্তিযুক্ত পরামর্শ থাকলে রাজপথের বদলে সংসদে এসে তা সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো উচিত।”

একই সাথে ২৪-এর ঐতিহাসিক গণআন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান বিএনপি সরকার সাফল্যের সাথে দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশকে দ্রুতই প্রতিটি মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।

এর আগে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে বের হওয়া এক বর্ণাঢ্য আনন্দ মিছিলে অংশ নেন প্রতিমন্ত্রী। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন তিনি।

উক্ত আলোচনা সভায় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডিআর