Image description

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। পাসের হারে মেয়েরা ছেলেদের তুলনায় ৯ দশমিক ২৫ শতাংশ এগিয়ে রয়েছেন। একইভাবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েদের সাফল্য বেশি।

শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন স্বাক্ষরিত ফলাফল পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৩৯৮ জন। বোর্ডে মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১ হাজার ৫৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৮৩ জন। অর্থাৎ জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে ১৮৭ জন বেশি এগিয়ে রয়েছেন মেয়েরা।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণেও মেয়েদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। এ বিভাগে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫১ শতাংশ এবং ছেলেদের ৬৫ দশমিক ৯০ শতাংশ। ফলে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ৬১ শতাংশ এগিয়ে রয়েছেন।

মানবিক বিভাগে পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ। এ বিভাগে মেয়েদের পাসের হার ৪৫ দশমিক ৬০ শতাংশ, বিপরীতে ছেলেদের পাসের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ মানবিক বিভাগে ছেলেদের তুলনায় মেয়েরা ১২ দশমিক ৪১ শতাংশ বেশি পাস করেছেন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এ বিভাগে মেয়েদের পাসের হার ৩৬ দশমিক ৯৮ শতাংশ এবং ছেলেদের ৩৪ দশমিক ৯১ শতাংশ। এখানেও পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ০৭ শতাংশ এগিয়ে রয়েছেন।

সব মিলিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই মেয়েদের তুলনামূলক ভালো অবস্থান দেখা গেছে।

এসএ