Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আক্তার হোসেন ওরফে খাজা (৪৫)।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন ওরফে খাজা সোনারগাঁ পৌরসভার গুচাইট গ্রামের মৃত আব্দুস ছামাদ ও ছালেমন নেছার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় নিজের আপন ফুফা আক্তার হোসেনের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয় ওই বাকপ্রতিবন্ধী কিশোরী। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

পরদিন শনিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় আক্তার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিআর