Image description

শৈশবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারিয়েছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের তরুণ রফিকুল ইসলাম রাব্বি। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তার অদম্য ইচ্ছাশক্তিকে। দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর এবার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাতেও একই ফল অর্জন করেছেন তিনি।

রাব্বি সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় সরণি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পা দিয়ে লিখেই জিপিএ-৫ পাওয়ার এই সাফল্যে আনন্দিত তার পরিবার। একই কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন তার বড় বোন রোকাইয়া আক্তারও।

রাব্বির শৈশব কেটেছে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনায় তার দুই হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলতে হয়। প্রথমে মুখ দিয়ে লেখার অভ্যাস করলেও লেখার গতি বাড়াতে পরবর্তী সময়ে পা দিয়ে লেখার কৌশল আয়ত্ত করেন তিনি।

চরম আর্থিক অনটনের সংসারে রাব্বির বাবা-মা দৈনিক মজুরির কাজ করেন। তার পড়াশোনা চালিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেকে। প্রখ্যাত গবেষক ড. ফেরদৌস কাদেরী তার পড়াশোনার সব খরচ বহন করছেন। স্থানীয় শিক্ষকেরাও বিনা মূল্যে তাকে দিকনির্দেশনা দিয়েছেন।

নিজেকে কখনো প্রতিবন্ধী হিসেবে ভাবেন না রাব্বি। ভবিষ্যতে একজন সফল বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। এ লক্ষ্য পূরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান এই তরুণ।

 এনএ