Image description

২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন করা ব্যক্তিদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

তিনি বলেন, চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজের সম্পূর্ণ মূল্য পরিশোধের বিধান করা হয়েছে। তাই প্রাথমিক নিবন্ধন করা ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা দিতে হবে।

ফরিদ আহমেদ মজুমদার জানান, নির্ধারিত কোটা পূর্ণ হয়ে যাওয়ায় ২০ হাজারের বেশি মানুষ এখনো হজে যাওয়ার নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন। তাঁদের অনেকেই হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। তাঁদের সুযোগ করে দিতে সৌদি আরবের কাছে অতিরিক্ত কোটা বরাদ্দের জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানান তিনি।

হাব মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশকে হজের কোটা কমিয়ে দিয়েছিল সৌদি সরকার। তবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর হজে যেতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার।