খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলেরপুকুর এলাকার পশ্চিম পাশে তাঁর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এম এম মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় তিনি নিজের বসতঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন। পরে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের ফলে ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বারবার বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments