খেলার মাঠের এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিডি টেনেরিফের ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েল। প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
মঙ্গলবার (৩ নভেম্বর) ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ও ক্লাবের তথ্য অনুযায়ী, সোমবার এফসি অ্যান্দোরার বিপক্ষে ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। ম্যাচের একপর্যায়ে অ্যান্দোরার গোলরক্ষক জেসুস ওয়োনো নিজের গোলপোস্ট ছেড়ে বলের দখল নিতে দ্রুত এগিয়ে আসেন। এ সময় মাঝমাঠের কাছাকাছি স্থানে দে মিগুয়েলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে দে মিগুয়েল মাথা ও বুকে মারাত্মক আঘাত পেয়ে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই রেফারি গোলরক্ষক জেসুস ওয়োনোকে লাল কার্ড প্রদর্শন করেন এবং ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পরপরই দ্রুত মাঠ থেকে দে মিগুয়েলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে ক্লাব টেনেরিফ এক দফায় জানিয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে মঙ্গলবার ভোরে হঠাৎ করেই তাঁর স্নায়বিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষ পর্যন্ত স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তরুণ এই ফুটবলারের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্প্যানিশ ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সিডি টেনেরিফ ক্লাব গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তাঁদের গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া এফসি অ্যান্দোরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং ফুটবলারটির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্প্যানিশ ফুটবলের বেশ কিছু কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ডিআর




Comments