মাত্র ১৭ বছর বয়সেই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির শিক্ষার্থী মো. আরাফ। দুরারোগ্য এই রোগের সঙ্গে লড়াই করে সুস্থ জীবনে ফেরার স্বপ্ন দেখছে কিশোরটি। তবে অর্থসংকটে অনিশ্চিত হয়ে পড়েছে তার চিকিৎসা। চিকিৎসকদের হিসাব অনুযায়ী, আরাফের সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন। ছেলের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার।
আরাফের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামে। কয়েক মাস আগে জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিলে তার চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সে রক্তের জটিল ক্যানসার ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’তে (এএমএল) আক্রান্ত। রোগ শনাক্ত হওয়ার পর থেকেই থমকে গেছে তার স্বাভাবিক জীবন।
রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে বিশেষ প্রক্রিয়ায় উচ্চমূল্যের প্লাটিলেট (এসডিপি) দিতে হয়েছে। বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে আরাফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের ১১৪/বি নম্বর কেবিনে চিকিৎসাধীন। সহযোগী অধ্যাপক ডা. হুমায়রা নাজনীনের অধীনে চলছে তার চিকিৎসা।
চিকিৎসার অংশ হিসেবে আরাফের শরীরে ওষুধ ও কেমোথেরাপি দেওয়ার জন্য সেন্ট্রাল ভেনাস লাইন (সিভি লাইন) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শরীরে জটিল কেমোথেরাপির সাইকেল চলছে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসা চালিয়ে যেতে নিয়মিত বড় অঙ্কের অর্থের প্রয়োজন হচ্ছে।
আরাফের বাবা জাহিদ হাসান বিল্লাল গত মে মাস থেকে কর্মহীন। ছেলের চিকিৎসার জন্য রোগ নির্ণয়, বিভিন্ন হাসপাতালের বিল, ওষুধ ও প্লাটিলেট কেনাসহ নানা খাতে ইতোমধ্যে পরিবারের ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়েছে। এতে পরিবারের সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে নিয়মিত কোনো আয় না থাকায় চিকিৎসার পরবর্তী ব্যয় বহন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।
চিকিৎসকদের হিসাব অনুযায়ী, আরাফের প্রাথমিক পর্যায়ের নিবিড় চিকিৎসার জন্যই প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। আর সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে ব্যয় হতে পারে প্রায় ৪০ লাখ টাকা। সন্তানের চিকিৎসার বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার।
পরিবারের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরাফের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। আবারও সুস্থ জীবনে ফিরে পড়াশোনা ও স্বপ্ন পূরণের সুযোগ পেতে ১৭ বছরের এই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পরিবার।
সহায়তা পাঠানোর ঠিকানা
ব্যাংক: সিটি ব্যাংক পিএলসি, ভিআইপি রোড শাখা, ঢাকা
হিসাবের নাম: শেখ মাহমুদ ইসলাম মিজু
হিসাব নম্বর: ২৩৯৫২৩০৭৯১০০১
রাউটিং নম্বর: ২২৫২৭৬৮৫১
এ ছাড়া আরাফের ভাই শেখ মাহমুদ ইসলাম মিজুর ০১৫১৫৬১৬৭২৮ নম্বরে বিকাশ, নগদ ও রকেটের পারসোনাল অ্যাকাউন্টে সহায়তা পাঠানো যাবে। আরাফের বিষয়ে বিস্তারিত জানতে বা জরুরি প্রয়োজনে একই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।
এনএ




Comments