Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়ে না করেআরও ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মুন্না পূবাইল থানার খোরাইদ এলাকার ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় দিলারা আক্তার (৩২) নামে এক নারী তাঁর বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্নার সঙ্গে ওই নারীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি পূবাইলের তালটিয়া এলাকায় ওই নারীর ভাড়া বাসায় স্বামী পরিচয়ে বসবাস করেন। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একাধিকবার বিয়ের কথা বললেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। এমনকি অন্য এক ব্যক্তির সঙ্গে ওই নারীর বিয়ের দিনক্ষণ ঠিক হলে অভিযুক্ত তা ভেঙে দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে মুন্না ওই নারীর ভাড়া বাসায় গিয়ে ১০ মার্চ বিয়ের আশ্বাস দেন এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে নির্ধারিত তারিখেও বিয়ে করেননি। পরবর্তী সময়ে ওই নারী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় ব্যক্তিগত ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার ওসি (তদন্ত) আবুবকর সিদ্দিক দৈনিক মানবকণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় মামলা হওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এসএ