Image description

মাগুরা সদর উপজেলার বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ উদ্যোগে সার, কীটনাশক, বীজ ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে এই তদারকি চালানো হয়।

অভিযানকালে অনিয়ম ধরা পড়ায় যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়:

মেসার্স লস্কর স্টোর: সার ও নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেসার্স আশরাফ ট্রেডার্স: লাইসেন্সবহির্ভূতভাবে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে একই আইনের ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ করা ১৪ বস্তা সার তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় জেলা বীজ প্রত্যয়ন অফিসের মো. হাসিনুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর সতর্কতা দেওয়া হয় এবং আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিআর