হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য এক প্রবাসীর ট্রলি থেকে কৌশলে লাগেজ চুরির চেষ্টার অপরাধে সৌদি আরবফেরত এক নারী প্রবাসীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তাঁকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সচিত্র এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভুক্তভোগী যাত্রী পেশায় একজন শেফ এবং তিনি পোল্যান্ডে কর্মরত। তিনি এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসছিলেন। তবে বিশেষ কারণে লাগেজ চেক-ইন করার পর তিনি নিজে মূল বিমানে উঠতে না পারলেও তাঁর লাগেজটি আগের ফ্লাইটে ঢাকা পৌঁছে যায় এবং তিনি পরবর্তীতে অন্য ফ্লাইটে রওয়ানা হন। পোল্যান্ড প্রবাসীর মালামালটি মালিকবিহীন অবস্থায় কাস্টমস বেল্টেই পড়ে ছিল।
অন্যদিকে, সৌদি আরবের আল কাসিম শহরের একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত এক নারী প্রবাসী চার বছর পর একই এয়ারলাইন্সের বিমানে নিজ লাগেজে দেশে ফেরেন। তিনি কাস্টমস বেল্ট থেকে নিজের সবুজাভ লাগেজটি সংগ্রহ করার পরও লোভ সামলাতে না পেরে বেল্টে পড়ে থাকা পোল্যান্ড প্রবাসীর রঙিন লাগেজটি কৌশলে নিজের ট্রলিতে তুলে বিমানবন্দর ত্যাগ করার চেষ্টা করেন।
নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের প্রতিনিধি দিদারসহ কর্তব্যরত কর্মকর্তারা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে লাগেজটি নিজের বলে জোর দাবি করলেও লাগেজের ব্র্যান্ড বা কেনার স্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। পরবর্তীতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এবং মূল সূত্রের ট্র্যাকিং তথ্য বের করে দেখালে তিনি অপরাধ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
অভিযুক্ত নারী নিজের দোষ স্বীকার করায় বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে নিরাপত্তা বিঘ্নিত ও চুরি সংঘটিত করার অপরাধে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর পোল্যান্ড ফেরত প্রবাসীকে তাঁর মূল্যবান স্যুভেনির, প্রাতিষ্ঠানিক ডকুমেন্টস ও প্রয়োজনীয় মালামাল নিরাপদে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের মালামাল রক্ষায় এভিয়েশন নিরাপত্তা দল ও ‘টিম এয়ারপোর্ট’-এর দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রী।
ডিআর




Comments