তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হতে পারে। আর জানুয়ারি থেকে শ্রমিকেরা বাড়তি বেতন হাতে পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সভা শেষে সাংবাদিকদের সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ পৃথকভাবে নিজেদের মজুরি প্রস্তাব জমা দেবে। একই সঙ্গে নিরপেক্ষ সদস্যও একটি মজুরি প্রস্তাব দেবেন। এরপর এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
গত রোববার শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।
একই দিন আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবার সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তবে শেখ আশফাকুর রহমানকে বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এদিকে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন।
সেখানে বিজিএমইএ সভাপতি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই সরকার গঠিত মজুরি বোর্ডের সভা বসবে। বুধবারই সভা হতে পারে বলেও জানান তিনি। মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষণা করা হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন বলে মনে করেন তিনি।




Comments