দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার সঙ্গে নিয়ে আসার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করেছে সৌদি আরব সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কাজের ভিসার (ওয়ার্ক ভিসা) চূড়ান্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই কর্মীরা তাঁদের পরিবারের সদস্যদের দেশটিতে আনার আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে পারবেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দেশে বসবাসরত বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করা এবং বিশ্বের উচ্চদক্ষ পেশাজীবীদের সৌদি আরবে আকৃষ্ট ও ভিসা ব্যবস্থা সহজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন জারি করা নির্দেশিকা অনুযায়ী, উচ্চদক্ষ বিদেশি কর্মীরা তাঁদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং যেকোনো বয়সী অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে আসার সুযোগ পাবেন। সবচেয়ে বড় সুবিধা হলো—কর্মীর নিজস্ব ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসা (এন্ট্রি ভিসা) ইস্যু করা যাবে।
এর ফলে পরিবারকে সঙ্গে আনার জন্য কর্মীকে নিজের কাজের ভিসা সম্পন্ন হওয়া পর্যন্ত আগের মতো দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে না। তবে সুবিধাটি পেতে আবেদনকারীকে নির্ধারিত সব শর্ত ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের পরিবারের সদস্যরা ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর স্থানীয় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে তাঁদের রেসিডেন্স পারমিটের (ইকামা) আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।
ডিআর




Comments