Image description

নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোড়গ্রাম ইউনিয়ন ও প্রগতি শিক্ষার্থী সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার দুপুরে গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশায় নিয়োজিত চার কৃতী ব্যক্তিকেও সম্মাননা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্যসচিব ডা. কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা এবং গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু গোপাল চন্দ্র রায়।

গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনোর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামূলক আলোচনা করেন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোড়গ্রাম ইউনিয়নের উপদেষ্টা মো. ফরহাদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম মাজেদ বলেন, ‘আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। গ্রামগঞ্জে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের সাহস জোগালে ও সহযোগিতা করলে তারা অনেক দূর এগিয়ে যাবে।’

তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে গ্রামের শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং তারা অনুপ্রাণিত হয়েছে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো বলেন, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ইউনিয়নের ২৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এনএ