Image description

আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হচ্ছে না—এমন ইঙ্গিত আগেই মিলেছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনার প্রেক্ষিতে এখন নতুন সময় হিসেবে সামনে আসছে আগামী বছরের জানুয়ারি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সফরের নতুন সময়সূচি নিয়ে বিসিসিআই ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলছে।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানায়, আগামী বছরের শুরুতে সিরিজটি আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুযায়ী জানুয়ারি মাসে বাংলাদেশ-ভারত সিরিজ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা অব্যাহত আছে।

মূলত ভারতের এই সফরটি ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরবর্তীতে তা এগিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ম্যাচ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো এই সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন এই সফরের অনিশ্চয়তার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছিল। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ, যা আইসিসি মেনে নেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে সেই বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

তবে বর্তমানে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর ভারতের সাথে সম্পর্কের উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ভারত সফরে গিয়ে তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ‘সেন্টার অব এক্সিলেন্স’ পরিদর্শন করেছেন।

সব মিলিয়ে সেপ্টেম্বরের সিরিজটি স্থগিত হয়ে গেলেও ক্রিকেটপ্রেমীরা এখন জানুয়ারির নতুন সূচির দিকে তাকিয়ে আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিসিআই ও ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা করতে হবে।

ডিআর