Image description

টি-টোয়েন্টির রেকর্ডবুকে নতুন এক সোনালী অধ্যায় যোগ করলেন ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে ১৫ হাজার রান পূর্ণ করা বিশ্বের প্রথম ব্যাটার হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কাইরন পোলার্ডকে টপকে টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষেও উঠে এসেছেন এই ইংলিশ হার্ডহিটার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সোফিয়া গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করার সময় এই ঐতিহাসিক কীর্তি গড়েন তিনি। রান তাড়ার পঞ্চম ওভারে শ্রীলঙ্কান বোলার ইশান মালিঙ্গার বলে এক রান নিয়ে ১৫ হাজার রানের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান বাটলার।

১৫ হাজার রানের এই অনন্য মাইলফলকে পৌঁছাতে বাটলারকে খেলতে হয়েছে ৫২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। ৩৫.৪৬ গড় ও ১৪৭.৪৬ মারকুটে স্ট্রাইক রেটে ব্যাটিং করে এই কীর্তি গড়েন তিনি। এ সময় তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি দৃষ্টিনন্দন শতক এবং ১০৭টি অর্ধশতক। দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি জাতীয় দল ইংল্যান্ডসহ ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার অরিজিনালস, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স, সমারসেট, পার্ল রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সিডনি থান্ডার, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ডারবানস সুপার জায়ান্টস, মেলবোর্ন রেনেগেডস এবং ইংল্যান্ড লায়ন্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

এই রেকর্ডের পথে তিনি পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ডকে। পোলার্ড ৭৫৪ ম্যাচে ৩১.৭১ গড়ে ১৪,৯৯৯ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন।

এদিকে বাটলারের ঐতিহাসিক অর্জনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড।

ডিআর