Image description

ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক বিরোধের জেরে বাবা ও ছেলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নিজের ছেলের ছোড়া গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে বাবাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টার বাড়ি সংলগ্ন নারিশ কোম্পানির গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবার নাম খোকা মিয়া। তিনি জামিরদিয়া এলাকার আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, আহত খোকা মিয়ার শরীরে কোপ ও গুলির চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক। অন্যদিকে, ছেলে রানা মিয়া কাজ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে। নির্বাচন পরবর্তী সময় থেকেই এই রাজনৈতিক মতাদর্শ নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে নির্বাচনের পর থেকে বন্ধ থাকা একটি রাজনৈতিক কার্যালয় রানা মিয়া খুলতে গেলে বাবা খোকা মিয়া তাতে বাধা দেন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এক পর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং রানার সহযোগীরা খোকা মিয়ার লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। সংঘর্ষের সময় কার্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রাজনৈতিক বিরোধের জেরে বাবা-ছেলের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে বাবার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"

মানবকণ্ঠ/ডিআর