Image description

রাঙামাটির বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতায় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের বাঘাইছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) উপজেলার আর্যপুর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—আশিক ও বাঘাইছড়ি উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার কয়েকজন সচেতন ব্যক্তি আর্যপুর জিরো পয়েন্ট এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

খবর পেয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ও উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়।

বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের রাঙামাটি আদালতে পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন তারা।

এসএ