Image description

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঘটা এই দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার তৎপরতা শেষে রাত ৯টা ১২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সান্তাহার ত্যাগ করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় ৭ ঘণ্টা বিলম্বে সান্তাহার স্টেশনে প্রবেশ করছিল। প্রবেশের সময় ট্রেনের পেছনের দিকের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনের দিকে সরে যায়। খবর পেয়ে রেলওয়ের কারিগরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় সাময়িক মেরামত শেষে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

এই দুর্ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত না হলেও স্টেশনে অপেক্ষমাণ শত শত যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে দীর্ঘ বিলম্বের পর লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

দুর্ঘটনার বিষয়ে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার খাতিজা খাতুনের বক্তব্য জানতে তার কার্যালয়ে যাওয়া হলেও কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরপরই উদ্ধারকারী (রিলিফ) ট্রেনকে খবর দেওয়া হয়। দ্রুত উদ্ধারকাজ শেষ করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডিআর