Image description

সরকারি ওয়েব পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেসবুক পেজ থাকলেও দীর্ঘদিন ধরে ফটিকছড়ি থানার সার্বিক কার্যক্রমের হালনাগাদ কোনো তথ্য অনলাইনে প্রকাশ করা হচ্ছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৈনন্দিন অভিযান, আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারসহ প্রয়োজনীয় তথ্যের জন্য চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জাতীয় তথ্য বাতায়নের আওতায় ফটিকছড়ি থানার একটি নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকে ‘ফটিকছড়ি থানা’ নামে একাধিক পেজ সচল রয়েছে। তবে এসব প্ল্যাটফর্মে থানার বেসিক বা মৌলিক কিছু পরিচিতি থাকলেও নোটিশ ও খবর বিভাগে নিয়মিত পুলিশি কার্যক্রমের কোনো হালনাগাদ তথ্য নেই।

সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকরা। অপরাধবিষয়ক অভিযান, গ্রেপ্তার, উদ্ধার বা মামলার তথ্য নিয়মিত অনলাইনে প্রকাশ না হওয়ায় সংবাদকর্মীদের বাধ্য হয়ে বারবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগ করতে হয়। অনেক সময় একটি সাধারণ পরিসংখ্যান বা সত্যতা নিশ্চিতের তথ্য পেতে দুই থেকে তিন দিন বা তারও বেশি সময় অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন নাগরিক ও সেবাগ্রহীতাদের দাবি, সরকারি ওয়েবসাইটে ফটিকছড়ি থানার সিটিজেন চার্টার, সাধারণ ডায়েরি (জিডি), এফআইআর, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ট্রাফিক সেবাসহ যাবতীয় পুলিশি সেবার বিস্তারিত প্রক্রিয়া ও তথ্য স্পষ্টভাবে উল্লেখ রাখা জরুরি। এতে সাধারণ মানুষের সময় ও হয়রানি কমবে এবং ঘটনার তাৎক্ষণিক যাচাইকৃত তথ্য অনলাইনে থাকলে যেকোনো গুজবের সুযোগও বন্ধ হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘বিষয়টি অতীত থেকেই নিয়মিত হয়নি। যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মাঠপর্যায়ের কার্যক্রমে বেশি সময় দিতে হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তথ্য নিয়মিত সরবরাহ ও হালনাগাদে সংশ্লিষ্টদের শিগগিরই প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে।’

ডিআর