Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাজনৈতিক দল, প্রার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভোলা জেলা প্রশাসক। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে জনগণের অংশগ্রহণমূলক, অবাধ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানাচ্ছি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস।

মতবিনিময় সভায় ভোলা-২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। উপস্থিত সুধীজন একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানবকণ্ঠ/ডিআর