ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিস নেতা মুফতি মুহাম্মদুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ সরাসরি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারের বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপির স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার লক্ষে একাধিকবার তাদের কাছে খবর পাঠিয়েছি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু মোতাহার হোসেন তালুকদার গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে আমার একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি আমার ওপর হামলা চালিয়েছেন।
তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য হিসেবে কোনো সরকারি কাজ বা প্রকল্প উদ্বোধনের প্রটোকল আমার থাকলেও মোতাহার সাহেব নিয়ম বহির্ভূতভাবে আগেই সেখানে গিয়ে উদ্বোধন করে ফেলছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি কেন এমপি হতে পারলেন না—এমন প্রতিহিংসা থেকেই মূলত এই হামলা ও প্রতিনিয়ত কাজে বাধা প্রদান করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এমপি আরও বলেন, আমি দলমত নির্বিশেষে সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই এবং বারবার অনুরোধ করেছি যাতে আমার লোকজনের ওপর হামলা করা না হয়, কিন্তু তিনি নিজে উপস্থিত থেকে আমার কর্মীদের ওপর আক্রমণ করেছেন যারা বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদের সুদৃষ্টি কামনা করছি যাতে তারা বিষয়টি সমাধান করেন, অন্যথায় এলাকায় আরও বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে। আমি ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আহত কর্মীদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।




Comments