লাখাইয়ে বিজিএফের চাল বিতরণে বৃদ্ধাকে থাপ্পড় মারলেন বিএনপি নেতা!
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদে সরকারি বিজিএফ (VGF)-এর চাল বিতরণকে কেন্দ্র করে এক ন্যাক্কারজনক ও তুলকালাম কাণ্ড ঘটে গেছে। চাল নিতে আসা এক অসহায় ও বয়োবৃদ্ধ মহিলার গালে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়ার বিরুদ্ধে। শুধু তাই নয়, চালের বস্তা নিয়ে টানাটানি ও সরকারি চাল নিজের দাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বুল্লা ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে সরকারি বিজিএফ-এর চাল বিতরণ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাল বিতরণের একপর্যায়ে লাইনে দাঁড়ানো এক বৃদ্ধা নারীর সাথে কথা-কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া। একপর্যায়ে তিনি সবার সামনে ওই অসহায় বৃদ্ধার গালে সজোরে থাপ্পড় মারেন।
এই ঘটনার পরপরই উপস্থিত সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চরম হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ওই বৃদ্ধা অশ্রুসিক্ত চোখে ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি সরকারি চাল আনতে গিয়েছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই বুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া আমার গালে থাপ্পড় মেরেছেন। আমি এর বিচার চাই।"
পরবর্তীতে ঘটনার একটি ভিডিও ফুটেজ স্থানীয়দের হাতে আসে। ভিডিওতে দেখা যায়, চাল বিতরণ কেন্দ্রে চালের বস্তা নিয়ে টানাটানি করছেন বিএনপি নেতা আব্দুল ওয়াহাব মিয়া। একপর্যায়ে এক ব্যক্তি একটি চালের বস্তা মাথায় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাতে বাধা দেয়। তখন আব্দুল ওয়াহাব মিয়া জনতাকে উদ্দেশ্য করে দাম্ভিকতার সাথে বলেন, "ওই চাল আমার!"সরকারি চাল বিতরণ কেন্দ্রে একজন দলীয় নেতার এমন আচরণে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত নেতার দাম্ভিক স্বীকারোক্তি:
বৃদ্ধা মহিলাকে মারধরের বিষয়টি অস্বীকার না করে উল্টো চরম অহংকার প্রকাশ করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল ওয়াহাব মিয়া। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি থাপ্পড় মারার বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, আমি একটা থাপ্পড় দিছি, অন্য কেউ হলে আরও বেশি দিতো। তার এমন দায়িত্বজ্ঞানহীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে এলাকায় নতুন করে সমলোচনার ঝড় উঠেছে।
এই বিষয়ে ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন গোপ জানান, "ঘটনাটির পর ইউনিয়ন পরিষদে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আমার কার্যালয়ে (চেয়ারম্যানের অফিসে) একটি বৈঠক ডাকা হয়। সেখানে সবার উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়েছে। অভিযুক্ত আব্দুল ওয়াহাব মিয়া নিজের ভুল স্বীকার করে ওই ভুক্তভোগী বৃদ্ধা মহিলার কাছে জোড়হাতে ক্ষমা চেয়েছেন এবং মহিলাটি তাকে ক্ষমা করে দেওয়ায় বিষয়টি সেখানেই শেষ হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ চৌধুরী স্বপন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দলের পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো অন্যায় বা অনিয়ম করলে তার দায়ভার দল নেবে না।
তিনি আরও বলেন, "ব্যক্তিগত কোনো অপরাধের দায় দল বহন করবে না। কেউ যদি দলের নীতি-আদর্শ পরিপন্থী কাজ করে সংগঠনের সুনাম নষ্ট করে, তবে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সরকারি চাল বিতরণ কেন্দ্রে একজন অসহায় নারীর ওপর এমন বর্বর হামলা ও চাল নিয়ে টানাহেঁচড়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ।




Comments