কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাচালং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বাঘাইহাট ও মাচালং এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় পর্যটন নগরী সাজেক ভ্যালিতে অন্তত ৬০০ পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাচালং নদীর পানি উপচে মাষ্টার পাড়া, বটতলী, লাইল্যা ঘোনা, বাঘাইহাট ও মাচালংসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে গেছে। এতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া মারিশ্যা-দীঘিনালা সড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকায় সড়কের মাটি ধসে পড়েছে। বাঘাইছড়ি উপজেলা সদরের সাথে রূপকারী ইউনিয়নের সংযোগকারী সড়কটিও পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে। বাঘাইছড়ি পৌরসভার প্রকৌশলী টিম ইতিমধ্যে মাটি সরানোর কাজ শুরু করেছে।
সাজেক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘাইহাট ও মাচালং এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সাজেকগামী এবং সাজেক থেকে ফেরত আসা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেক ভ্যালিতে অবস্থানরত প্রায় ৬০০ পর্যটক বর্তমানে সেখানে আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments