Image description

পটুয়াখালীর বাউফলে একটি মাদক সেবনের ডেরায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আক্কেল আলী ভূঁইয়ার ছেলে মোহন ভূঁইয়া (৩৫), একই এলাকার আবদুল কালামের ছেলে নূর ইসলাম (২৫) এবং দশমিনা উপজেলার চর হোসনাবাদ এলাকার শাহ আলমের ছেলে শাকিল (২৪)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মু. ফরহাদুজ্জামান নবীন ও এসআই ইব্রাহিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ওই মাদক ডেরায় অভিযান পরিচালনা করে। এ সময় ডেরার মালিক মোহন ভূঁইয়া এবং মাদক কিনতে আসা নূর ইসলাম ও শাকিলকে হাতে-নাতে আটক করা হয়।

অভিযানকালে ওই স্থান থেকে দুটি দেশীয় দা, দুটি ধারালো রামদা, তিনটি কাঁচি, দুটি হাতুড়ি, ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসমূহ আইনানুগভাবে তালিকাভুক্ত করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর