Image description

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বৃহস্পতিবার রাতে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনেই মারা যান।

তিনি আরও জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর